প্রতিটি ঘরেই সিরামিকের থালা-বাসন, বাটি, চামচ আছে। আবার শহর এলাকায় ঘরের মেঝে, টয়লেটে টাইলস ব্যবহার করা হয়। টাইলস ব্যবহার করা এখন আর বিলাসিতা নয়; অনেকটা প্রয়োজনীয় পণ্যে দাঁড়িয়েছে। আর স্যানিটারি পণ্য যেমন কমোড, বেসিনসহ নানা সামগ্রীতে সিরামিক ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে সিরামিক সামগ্রী এখন বেশ জনপ্রিয়।
স্থানীয় পর্যায়ে সিরামিকের টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদন করেন দেশি উদ্যোক্তারা। বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশের বাইরেও রপ্তানি করছে।
আগামী বাজেটে স্থানীয় এই শিল্পের সুরক্ষা চান সিরামিক খাতের উদ্যোক্তারা। এর কারণ, নতুন মূল্য সংযোজন কর আইন বাস্তবায়ন হলে দেশীয় সিরামিক শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়বে। নতুন আইনে আমদানি করা সিরামিক পণ্যে এবং দেশে উৎপাদিত পণ্যে সমান হারে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বসবে।
বাংলাদেশ সিরামিক পণ্য প্রস্তুতকারক সমিতির বাজেট প্রস্তাবে বলা হয়েছে, নতুন মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইনে দেখা গেছে, দেশে উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হয়েছে। আমদানি করা সিরামিক পণ্যে এ শুল্ক ৬০ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে নেমে আসবে। এতে আমদানি করা সিরামিক পণ্যের দাম কমবে; দেশীয় সিরামিক পণ্যের দাম বাড়বে।
দেশি সিরামিক শিল্পকে সুরক্ষা দেওয়ার দাবি জানিয়ে এই খাতের উদ্যোক্তারা উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সিরামিক শিল্পের কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমানোর পাশাপাশি সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি সিরামিক খাতের উদ্যোক্তারা আরও দাবি জানিয়েছেন, দেশীয় সিরামিক শিল্পকে রক্ষা করতে আমদানি পণ্যের ওপর বিশেষ করে টাইলস, টেবিলওয়্যার, স্যানিটারি ওয়্যারে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা উচিত।
বর্তমানে সারা দেশে ৫৬টি সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। গত পাঁচ বছরে এই শিল্পের ২০০ শতাংশ সম্প্রসারণ হয়েছে বলে জানিয়েছে সিরামিক পণ্য প্রস্তুতকারক সমিতি। বিপুল বিনিয়োগও আছে এখন এই শিল্পে। এই শিল্পে ৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। সম্ভাবনাময় সিরামিক শিল্পের আরও সম্প্রসারণে শুল্ক-কর সুবিধা দেওয়া উচিত।
সিরামিক পণ্য প্রস্তুতকারক সমিতি আরও বলেছে, ২০১৩ সালে মার্কিন বাজারে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার ফলে বাংলাদেশের সিরামিক শিল্প বড় সংকটের মুখে পড়েছে। গুণগত মানের কারণে মার্কিন বাজারে চাহিদা থাকার কারণে সিরামিক পণ্যে ১৫ থেকে ২০ শতাংশ কম মূল্যে নামমাত্র মুনাফায় রপ্তানি অব্যাহত রাখা হয়েছে। এখন শুল্ক সুবিধা দিয়ে পণ্যের উৎপাদন মূল্য কমানো গেলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা যাবে।