সুরক্ষা বিধিমালায় স্থানীয় উদ্যোক্তাদের অনাগ্রহ
স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহের অভাবে দেশীয় শিল্প রক্ষায় জারি করা বিধিমালাগুলো কার্যকর করা যাচ্ছে না। এমনকি বাংলাদেশ ট্যারিফ কমিশন নিজে উদ্যোগী হলেও বেসরকারি খাতের উদ্যোক্তারা তাতে সাড়া দিচ্ছেন না।স্থানীয় শিল্প রক্ষার জন্য দেশে সুরক্ষা (সেইফগার্ড) শুল্ক বিধিমালা, অ্যান্টিডাম্পিং ও কাউন্টারভেলিং বিধি রয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০১০ সালের ৭ জুন সুরক্ষা শুল্ক বিধিমালা জারি করা হয়। আর বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুসারে ১৯৯৫ সালে দেশে অ্যান্টিডাম্পিং বিধিমালা ও ১৯৯৬ সালে কাউন্টারভেইলিং বিধিমালা জারি করা হয়। দেশে কোনো পণ্যের অতিরিক্ত আমদানি হলে সুরক্ষা শুল্ক বিধিমালার মাধ্যমে ওই পণ্যের তথা দেশজ শিল্প রক্ষা করার সুযোগ রয়েছে। আবার অ্যান্টিডাম্পিং বিধিমালার আওতায় বিদেশি কোনো পণ্য উৎপাদনমূল্যের চেয়ে কম দামে স্থানীয় বাজারে প্রবেশ করলে দেশজ পণ্য রক্ষার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া কাউন্টারভেইলিং বিধিমালায় ভর্তুকিমূল্যে বিদেশি কোনো পণ্য দেশীয় বাজারে প্রবেশ করলে স্থানীয় পণ্যকে প্রতিযোগীসক্ষম করতে সুরক্ষা দেওয়া হয়।জানা গেছে, ২০১০ সালের ৭ জুন সুরক্ষা (সেইফগার্ড) শুল্ক বিধিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এই বিধিমালার আওতায় ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি সুরক্ষা কর্তৃপক্ষও গঠন করা হয়। কোনো পণ্য অতিরিক্ত আমদানির কারণে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব এই কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কিংবা নিজেরা স্ব-উদ্যোগেও এই কাজটি করতে পারে। কিন্তু সুরক্ষা বিধিমালা জারি ও কর্তৃপক্ষ গঠনের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি আবেদনও জমা পড়েনি। অর্থাৎ অতিরিক্ত পণ্য আমদানির কারণে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন কোনো অভিযোগ কোনো বেসরকারি উদ্যোক্তা করেননি। তাই সুরক্ষা কর্তৃপক্ষকে কোনো বিষয়ে তদন্তে নামতে হয়নি। তবে দেশে ভারতীয় সুতা আমদানি বেড়েছে—কয়েক মাস আগে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ট্যারিফ কমিশন তথা সুরক্ষা কর্তৃপক্ষ নিজেই উদ্যোগী হয়ে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বস্ত্রশিল্প মালিক সমিতি (বিটিএমএ), বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক আহ্বান করে। এই বৈঠকেই ভারতীয় সুতা আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বস্ত্রকলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এবং হলে তা কীভাবে—এসব বিস্তারিত জানানোর জন্য বিটিএমএকে বলা হয়। কিন্তু বিটিএমএর পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি বলে ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে।আশানুরূপ সাড়া না পেলেও জুন মাসে এসব অংশীদার নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান। বৈঠকে বিটিএমএর সহকারী সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা অংশ নেন। অথচ সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে বৈঠকে বিটিএমএর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা না আসায় ট্যারিফ কমিশনের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।পরে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে বলে বিটিএমএর প্রতিনিধি আশ্বাস দেন। কিন্তু এখনো তা সরবরাহ করা হয়নি বলে ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে। সর্বশেষ গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বিটিএমএ ভারতীয় সুতা আমদানির বিপরীতে কাউন্টারভেইলিং শুল্কারোপের দাবি জানিয়েছে। কিন্তু সুরক্ষা কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন জানায়নি।যোগাযোগ করা হলে বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডাম্পিং মূল্যে ভারত সুতা বিক্রি করছে কি না, সেটা প্রমাণ করতে আমাদের সব হিসাবগুলো ভালো করে দেখা দরকার। আমরা এই হিসাব-নিকাশ করছি।’ তিনি বলেন, ‘তাছাড়া ডব্লিউটিওতে যেতে হলে পর্যাপ্ত তথ্য-উপাত্ত যেমন প্রয়োজন, তেমনি বিষয়টি নিষ্পত্তিতে অনেক সময় লাগবে।’ বিটিএমএ তাই এই সময়ের মধ্যে স্থানীয় শিল্পকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে, সেটিও বিবেচনা করছে।জাহাঙ্গীর আলামিন জানান, কাউন্টারভেইলিং ডিউটি তো একটি দেশের বিরুদ্ধে আবেদন করা যাবে। কিন্তু এখানে সুতা আসছে ভারত থেকে আর কাপড় আসছে চীন থেকে। ফলে এখানে সরকারের নীতি-সহায়তার বিষয়টিও জরুরি। এসব বিষয় নিয়ে ২১ আগস্ট অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বিটিএমএর নেতারা। এ বৈঠকের পর কোনো উন্নয়ন না হলে শিল্প-মালিকদের কাউন্টারভেইলিং ডিউটির জন্য আবেদনের দিকে অগ্রসর না হয়ে কোনো গত্যন্তর থাকবে না বলে জানান বিটিএমএর সভাপতি।জানা গেছে, সাধারণত স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে অভিযোগ পেলেই তদন্ত নামে ট্যারিফ কমিশন বা সুরক্ষা কর্তৃপক্ষ। কিন্তু স্ব-উদ্যোগে তদন্তে নামলে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে অনেক সময় পর্যাপ্ত তথ্য-প্রমাণাদি পাওয়া যায় না। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।তবে সুরক্ষা কর্তৃপক্ষ তদন্ত করে যে প্রতিবেদন দেয়, তাতে শুধু সুরক্ষা শুল্ক আরোপের সুপারিশ করতে পারে। তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের আগ্রহ কম বলে অনেকে মনে করেন। আইনে সুরক্ষা কর্তৃপক্ষ তথা ট্যারিফ কমিশনকে কোনো রেগুলেটরি পাওয়ার বা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা দেওয়া হয়নি।যা আছে বিধিমালায়: অভিযোগ পাওয়ার পর সুরক্ষা কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরোপিত দিন থেকে সর্বোচ্চ ২০০ কার্যদিবসের জন্য সাময়িকভাবে সুরক্ষা শুল্ক আরোপ করা যাবে। তবে বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সুরক্ষাবিষয়ক কমিটিকে অবহিত করতে হবে। সর্বোচ্চ আট মাসের মধ্যে দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনে কোনো পণ্য অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় শিল্প হুমকির মধ্যে পড়েছে ও বিপুলসংখ্যক লোক কাজ হারিয়েছে—এমন বিষয় প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছরের জন্য সুরক্ষা শুল্ক আরোপ করা যাবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে প্রমাণ করা না গেলে ৩০ দিনের মধ্যে সুরক্ষা শুল্ক প্রত্যাহার করতে হবে। ১৯৯২ সালে ট্যারিফ কমিশন আইন হওয়ার পর সুরক্ষা শুল্ক বিধিমালা জারির আগ পর্যন্ত স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে মাত্র আট-নয়টি অভিযোগ এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: স্থানীয় টিউবলাইট শিল্প, জরির সুতা, টেলিভিশন সংযোজন শিল্প, রেফ্রিজারেটর সংযোজন শিল্প, ব্লেড শিল্প। কিন্তু তখন স্থানীয় শিল্প সুরক্ষায় কোনো বিধিমালা না থাকায় ট্যারিফ কমিশন কোনো সুপারিশ করতে পারেনি।