সুরাটের সিনথেটিক বস্ত্রের ব্যবসা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাট টেক্সটাইল
সুরাট টেক্সটাইল

তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশের কারখানা-গুলোয় একের পর এক অগ্নিকাণ্ড ও ভবনধসের ঘটনায় অনেক খ্যাতনামা ক্রেতা প্রতিষ্ঠানই এ দেশ থেকে আরও পোশাক ক্রয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে।এ অবস্থায় ভারতের সুরাটভিত্তিক সিনথেটিক বস্ত্রশিল্পের মালিকেরা নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। ফেডারেশন অব সুরাট টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকিষান মাংঘানি জানান, সুরাটে প্রতিদিন তিন কোটি মিটার সিনথেটিক কাপড় তৈরি হয়। এর ৭ থেকে ৮ শতাংশ বিশেষ করে পলিয়েস্টার পশ্চিমবঙ্গের উদ্দেশে জাহাজীকরণ হয়। আর ওই কাপড়ের ৬০ থেকে ৭০ শতাংশ আবার সেখান থেকে বাংলাদেশে রপ্তানি হয়, যা দেশটির পোশাক খাতে ব্যবহূত হয়। তবে দুর্গাপূজা ও ঈদের আগে পশ্চিমবঙ্গে এই পণ্য জাহাজীকরণের পরিমাণ ১৫ শতাংশও ছাড়িয়ে যায়।দেবকিষান মাংঘানি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘চীন ও তাইওয়ান আমাদের কঠোর প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। তবে বাংলাদেশে তৈরি পোশাকের কার্যাদেশ কমে যাওয়া এবং ভারতের কার্যাদেশ আগের মতোই থাকায় প্রতিযোগিতার চাপ কিছুটা কমেছে। সামনের দিনগুলোতে দেশের ভেতরেই কাপড় বিক্রি করে ভালো আয় হতে পারে।’ তিনি জানান, কয়েক দিন ধরে ভারতের তৈরি পোশাক প্রস্তুত-কারকদের কাছ থেকে সিনথেটিক টেক্সটাইল সম্পর্কে তথ্যা-নুসন্ধানের পরিমাণ বেড়েছে।অবশ্য বাংলাদেশে কার্যাদেশ আসলে কতটা কমবে আর ভারতে কতটা তা স্থানান্তরিত হবে, তা এখনই বোঝা যাবে না বলে ভারতীয় বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। কলকাতা অ্যাসোসিয়েশন অব গার্মেন্টসের সভাপতি সঞ্জয় জৈন বলেন, ‘কিছু কার্যাদেশ স্থানান্তরিত হয়েছে। তবে তা খুবই নগণ্য। ভারত থেকে পলিয়েস্টার ও ডেনিম বাংলাদেশে যাচ্ছে, যা সেখানে রূপান্তরিত হচ্ছে তৈরি পোশাকে। চীনা ও তাইওয়ানের মতো বড় প্রতিযোগী থাকার পরও সুরাটভিত্তিক শিল্প এখানে এগিয়ে গেছে।’ সিনথেটিক কাপড় ছাড়াও সুরাটভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলো শাড়ি এবং বিভিন্ন ধরনের তৈরি পোশাকও তৈরি করে। তবে সম্প্রতি তৈরি পোশাক কারখানাগুলো থেকে সিনথেটিক কাপড়ের চাহিদা কমে গেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হলেও যা ইঙ্গিত দেওয়া হয়েছে, তা হলো এ রকম যে বাংলাদেশে কার্যাদেশ কমলে তা কিছটা ভারতে স্থানান্তরিত হতে পারে। তাতে করে ভারতের পোশাকশিল্পে সিনথেটিক টেক্সটাইলের চাহিদা বাড়বে।