টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে সিপিডির প্রশিক্ষণ কোর্স
সুশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ থাকতে হবে
জাতিসংঘে সর্বজনীনভাবে সম্প্রতি গৃহীত এজেন্ডা ২০৩০ বা টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) বাংলাদেশে সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হবে সুশাসন পরিস্থিতি বিরাজ রাখা। এ জন্য আইনের সুষ্ঠু ও যথাযথ শাসন নিশ্চিত করার বিষয়ে জোর দিতে হবে।
সরকারি কর্মকর্তাদের জন্য বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সে এমন অভিমত উঠে আসে। এতে বলা হয়, দেশে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এসডিজি অর্জন করা সম্ভব।
ঢাকার ব্র্যাক সেন্টার ইনে গত মঙ্গলবার আয়োজিত ‘টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ ও বাংলাদেশে বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কমিশন ও প্রশিক্ষণ ইনস্টিটিউশনের ২৬ জন কর্মকর্তা অংশ নেন।
সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এজেন্ডা ২০৩০ বা এসডিজি আগামী দেড় দশক ধরে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা হিসেবে কাজ করবে। এতে নিহিত অভীষ্ট, লক্ষ্যমাত্রা ও সম্ভাব্য সূচকসমূহ এবং এগুলোর প্রক্রিয়া ও বিষয়গত দিকসমূহ নিয়ে সরকারি কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে কোর্সটির আয়োজন করা হয়েছে। এ ছাড়া এজেন্ডাটি বাস্তবায়নে বাংলাদেশের সামনে ভবিষ্যতে যে বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে কিংবা এ ধরনের বৈশ্বিক প্রতিশ্রুতি প্রতিপালনের ক্ষেত্রে অর্থায়ন ও সম্পদের প্রাপ্যতা আসলে কতটুকু রয়েছে, এসব বিষয়ও তুলে ধরা হয়।
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সম্প্রতি এ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো সর্বজনীনভাবে গৃহীত হলেও তা বাস্তবায়নে প্রতিটি দেশের জন্যই তার নিজস্ব পরিস্থিতিতে এবং সার্বিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। এই অবস্থায় আগামী দিনে বাংলাদেশের জন্য এজেন্ডা ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সমন্বিত ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশে সুষ্ঠুভাবে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং চ্যালেঞ্জগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।