সুশাসন ছাড়া উন্নয়ন দেখার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বাংলাদেশ–বিষয়ক বিশেষ বাণিজ্যিক দূত রুশনারা আলী
যুক্তরাজ্যের বাংলাদেশ–বিষয়ক বিশেষ বাণিজ্যিক দূত রুশনারা আলী

বাংলাদেশ-বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ বাণিজ্যিক দূত রুশনারা আলী বলেছেন, সুশাসন বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়নকে দেখার সুযোগ নেই। সুশাসন, শ্রমিকের জীবনমান এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির বিষয়টিকে বিবেচনা করতে হবে।
গত বুধবার সেন্ট্রাল লন্ডনের একটি মিলনায়তনে এক ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে রুশনারা আলী এসব কথা বলেন। বিরোধী দল লেবার পার্টির এমপি রুশনারা আলীকে সম্প্রতি বাংলাদেশ-বিষয়ক বিশেষ বাণিজ্যিক দূত হিসেবে নিয়োগ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন এই দায়িত্ব পাওয়ায় রুশনারা আলীর সম্মানে ওই ভোজসভার আয়োজন করে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)।
বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী বলেন, ‘যখন আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই দায়িত্ব প্রস্তাব করা হয়, তখন শর্ত হিসেবে বলা হয়, শ্রমিকের জীবনমান, সুশাসন, মানুষের প্রতি রাষ্ট্রের আচরণের মতো বিষয়গুলোকে উপেক্ষা করে কেবল অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির প্রচার করা যাবে না।’ তিনি বলেন, ‘অনেকে অবাক হয়েছেন কনজারভেটিভ সরকার কী করে আমাকে এই দায়িত্ব দিল। এটি জাতীয় স্বার্থের ব্যাপার। বিরোধী দল থেকে অনেক এমপিকেই এমন দায়িত্ব দিয়ে থাকে সরকার।’
রুশনারা বলেন, ব্রিটিশ ভিসা কাটছাঁট নিয়ে বাংলাদেশিদের আপত্তি আছে। আরও যাঁরা বাণিজ্যিক দূত হিসেবে কাজ করছেন, তাঁদের নিয়ে ব্রিটিশ ভিসা নীতির বিষয়টি ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্ট (ইউকেটিআই) বিষয়ক মন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন জানিয়ে রুশনারা আলী বলেন, উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতির দেশ থেকে যাঁরা যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা করতে চাইবেন, তাঁদের যাতে সন্দেহের চোখে দেখা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আবার বিশ্ববিদ্যালয় ডিগ্রি যুক্তরাজ্যের একটি বড় রপ্তানি খাত। ফলে এমন কিছু করা যাবে না যাতে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের প্রতি আগ্রহ হারাতে বাধ্য হন।
যুক্তরাজ্য ও বাংলাদেশ বছরে ২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করে উল্লেখ করে এই বাণিজ্যিক দূত বলেন, ২৪০টি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। ইতিমধ্যে ৭টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ক্যাম্পাস খোলার পরিকল্পনা শুরু করছে বলে জানান তিনি।