সুশাসন পরিপালনে ব্যর্থ কোম্পানি রাইট শেয়ার ছাড়তে পারবে না
শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি বা সিকিউরিটিজ প্রাতিষ্ঠানিক সুশাসন (করপোরেট গভর্ন্যান্স) নির্দেশনা পরিপালনে ব্যর্থ, সেসব প্রতিষ্ঠান অধিকারমূলক (রাইট) শেয়ার ছাড়তে পারবে না। ১৮ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন এই নির্দেশনা জারি করেন। বিএসইসির নির্দেশনায় বলা হয়, ‘যেসব তালিকাভুক্ত সিকিউরিটিজ কমিশনের জারি করা প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনাবলি পরিপালনে ব্যর্থ হবে, সেসব কোম্পানি অধিকারমূলক শেয়ার ইস্যু করতে পারবে না।’২০১২ সালের ৭ আগস্ট বিএসইসি প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনাবলি-সংক্রান্ত আদেশ জারি করে। তাতে তালিকাভুক্ত সব সিকিউরিটিজের জন্য এই নির্দেশনাবলি পরিপালন বাধ্যতামূলক করা হয়।কমিশনের সুশাসন গাইডলাইন কোম্পানিগুলো মেনে চলছে কি না, তা খতিয়ে দেখতে গত মে মাসে কমিশন তিনটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে। এগুলো হলো কোম্পানির পরিচালনা পর্ষদ, স্বাধীন পরিচালক নিয়োগ ও অডিট কমিটির গঠন। তাতেই প্রাতিষ্ঠানিক সুশাসনসংক্রান্ত হতাশাজনক চিত্রই উঠে আসে।এদিকে বিএসইসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০১টি বা ৩২ শতাংশ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক সুশাসন বা করপোরেট গভর্ন্যান্সের কোনো বালাই নেই। প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপালনের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলো। এ খাতের ৬০ শতাংশ বা ২১টি কোম্পানিতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সুশাসন নেই। খাদ্য ও আনুষঙ্গিক খাতের পরের অবস্থানে রয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ খাতের ৪৮ কোম্পানির মধ্যে ১৮টিতে কোনো সুশাসনের বালাই নেই। আংশিক সুশাসন মেনে চলে ১২টি কোম্পানি।কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ৩২০টি কোম্পানির মধ্যে ১২৮টি বা ৪০ শতাংশ কোম্পানি সুশাসনের তিনটি শর্ত পূর্ণভাবে পরিপালন করেছে। ৯১টি বা ২৮ শতাংশ কোম্পানি আংশিকভাবে পরিপালন করেছে। প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপালনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে টেলিকম খাতের দুটি কোম্পানি। কমিশনের তিনটি শর্তই শতভাগ পরিপালন করেছে কোম্পানি দুটি।