মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান এক শতাংশেরও কম। সুশাসন বজায় রাখা গেলে এবং নতুন কিছু খাতকে আওতায় আনা গেলে জিডিপিতে বিমা খাতের অবদান বাড়বে। অবদান বৃদ্ধির জন্যে দরকার শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থাও।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে বিমা শিল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এমন অভিমত উঠে এসেছে। বিআইএ কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য মো. কুদ্দুস খান ছিলেন বিশেষ অতিথি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন শিবলী রুবাইয়েত উল ইসলাম।
বিমা খাতের দুর্নীতি ও লুটপাট নিয়ে সুযোগ পেলেই সভা-সেমিনারে কথা তুলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেমিনারে বক্তারা বলেন, আইন অনুসরণ করে কোম্পানি পরিচালনা করলেই বিমা খাতে সুশাসন ফিরে আসবে। কিন্তু অন্য যে কোনো খাতের তুলনায় এই খাতে আইন না মানার প্রবণতা বেশি। কারণ, ২০১১ সালের আগে বিমা খাতে উপযুক্ত কোনো নিয়ন্ত্রক সংস্থা ছিলো না।
মূল প্রবন্ধে বলা হয়, দেশের বিমা খাতের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয়। জিডিপিতে এ খাতের আবদান এক শতাংশেরও কম। জীবন বিমা ও সাধারণ বিমা (নন-লাইফ) খাত মিলে সরকারকে বছরে ৩০০ কোটি টাকা কর দেয়।
তবে বাণিজ্যিক ভবন ও আবাসিক ভবনকে বিমার আওতায় আনা গেলে বিমা খাতের বাজার দ্রুত সম্প্রসারিত হবে এবং সরকারও বেশি রাজস্ব আয় করতে পারবে বলে মনে করেন শিবলী রুবাইয়াত উল ইসলাম। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের বিমার আওতায় আনতে নতুন বিমা পণ্য বা বিমা পলিসি করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, খুবই দু:খের বিষয় যে বিমা খাত অবহেলিত। কিন্তু তিনি মনে করেন না ইচ্ছাকৃতভাবে এই খাতকে অবহেলিত করে রাখা হয়েছে। খাতটি পিছিয়ে রয়েছে বরং অভিজ্ঞতা ও জ্ঞানের অভাবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বলে মনে করেন তিনি।
অভিজ্ঞতা ও জ্ঞানের অভাব পূরণে কারা কী চেষ্টা করবেন, কীভাবে করবেন বা মন্ত্রী হিসেবে তিনি নিজেইবা কী উদ্যোগ নেবেন-এ বিষয়ে কোনো কথা বলেননি এম এ মান্নান।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বরং বেশি উৎসাহ দেখান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে। এই পরিবর্তনে তেমন কিছুই যাবে-আসবে না বলে সংশ্লিষ্টরা মনে করেন। মন্ত্রী বলেন, ‘বিভাগটির বর্তমান নামের পরিবর্তে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। দুঃখের বিষয় এটি এখনও হয়নি। তবে শিগগির পদক্ষেপ নেওয়া হবে।’
আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, বিমা খাতে সুশাসন বাড়ানো জরুরি। সুশাসন বাড়লে স্বাভাবিকভাবেই অর্থনীতিতে এ খাতের অবদান বাড়বে। সুশাসনের জন্য বিমা কোম্পানিগুলোকে আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।
জিডিপিতে বিমা খাতের অবদান এক শতাংশের কম থাকার বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করে জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন, ‘সরাসরি অবদান কম হলেও পরোক্ষ অবদান অনেক বেশি।’ কত ও কীভাবে বেশি-তার অবশ্য কোনো ব্যাখ্যা দেননি তিনি।
সোহরাব উদ্দিন আরও বলেন, ৮০ শতাংশ জীবন বিমা পলিসিই তামাদি (ল্যাপস) হয়ে যাচ্ছে। নতুন পলিসি আসছে না। এ অবস্থা থেকে বেরুতে না পারলে বিমা খাতের উন্নয়ন সম্ভব নয়।
বিভিন্ন খাতে কর না বাড়িয়ে মানুষকে বিমার আওতায় নিয়ে আসার পরামর্শ দেন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন। আর এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ পরামর্শ দেন নিয়ন্ত্রক সংস্থাকে অাইিডআরএকে শক্তিশালী করার।