সুশাসনের অভাব ও নিয়ন্ত্রকের দুর্বলতায় ধসেছে রানা প্লাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক রেহমান সোবহান
অধ্যাপক রেহমান সোবহান

সুশাসনের অভাব এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দুর্বলতার বহিঃপ্রকাশ হলো সাভারের রানা প্লাজা ধস। এমনটাই মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
দেশের এই প্রথিতযশা অর্থনীতিবিদ রানা প্লাজা ধসের জন্য আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছেন, যার মধ্যে আছে রাজনৈতিক অপচর্চা, শোচনীয় সামাজিক অবস্থা, জবাবদিহির অভাবসহ বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থাও। রানা প্লাজা ধসকে দেশের সার্বিক ব্যবস্থার (সিসটেম) সংকটের লক্ষণ হিসেবেও উল্লেখ করেন তিনি।
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের মাসিক মধ্যাহ্নভোজসভায় মূল আলোচক হিসেবে রেহমান সোবহান গতকাল এসব কথা বলেছেন। সভার আলোচ্য বিষয় ছিল ‘রানা প্লাজার ভবন ধস থেকে শিক্ষা’। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
সুশাসনের ব্যর্থতার প্রসঙ্গে বলতে গিয়ে রেহমান সোবহান বলেন, রানা প্লাজার ভবন গড়ে উঠেছিল অবৈধভাবে। অনুমোদন না নিয়ে তা আরও সম্প্রসারণ করা হয়। সেখানে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ঠিকভাবে নেওয়া হয়নি। পরিদর্শকেরা অনেক কিছুই এড়িয়ে গেছেন। তিনি মনে করেন, পরিদর্শকেরা যদি আরও ভালো বেতন কিংবা প্রণোদনা ভাতা পান, তাহলে তাঁরা আরও ভালোভাবে কারখানা পরিদর্শন করবেন। একই সঙ্গে পরিদর্শনের একটি মানসম্মত গাইডলাইন থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
রাজনৈতিক অপচর্চার প্রসঙ্গে সিপিডির চেয়ারম্যান বলেন, সোহেল রানার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এ কারণেই অল্প সময়ে প্রচুর অর্থের মালিক হয়েছেন তিনি। এটি শুধু একটি ঘটনা। এমন ঘটনা আরও অনেক রয়েছে। আর এমনটি হয় সুশাসনের অভাব আর রাজনৈতিক অপচর্চার কারণে।
রানা প্লাজার ধসের জন্য সমাজের চরিত্রকেও দায়ী করেছেন রেহমান সোবহান। তাঁর মতে, রানা প্লাজায় অবস্থিত কারখানার মালিকেরা মানবিক দিক উপেক্ষা করে কেবল আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশ নেওয়ার দিকেই মনোযোগী ছিলেন। তাই শ্রমিকদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, মালিকদের সঙ্গে দর-কষাকষির জন্য সুসংগঠিত ট্রেড ইউনিয়ন থাকলে ওই কারখানাগুলোতে জোর করে শ্রমিকদের কাজ করানো যেত না।
রেহমান সোবহান বলেন, শ্রমিকদের শ্রমিক মনে না করে, তাঁদের প্রতিষ্ঠানের অংশীদার মনে করলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। তাঁদের নানাভাবে মুনাফার একটি অংশ দেওয়া যেতে পারে। এসব করলে তাঁদের মধ্যে আনুগত্য বাড়বে।
এই অর্থনীতিবিদ হিসাব করে দেখেছেন, বাংলাদেশে তৈরি হওয়া একটি শার্ট বিক্রি করে ওয়াল-মার্ট ৬৩ শতাংশ মুনাফা করে। অথচ, শ্রমিকদের বেতনের পেছনে ব্যয় হয় মাত্র ৫ শতাংশ। এত বিশাল পরিমাণ মুনাফা নিয়ে কেউই কথা বলেন না। তাঁর মতে, এখন সময় এসেছে এ বিষয়টি নিয়ে কথা বলা। তিনি আরও বলেন, শুল্কমুক্ত বাজারসুবিধা, জিএসপি এখন রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
সভায় বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, শুধু ৬৩ শতাংশ নয়, অনেক খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠান ২০০ শতাংশ পর্যন্ত মুনাফা করে। তিনি বলেন, রানা প্লাজার ধসের পর সবাই শুধু ভবনের কাঠামো নিয়ে কথা বলছেন। তাজরীন ফ্যাশনসের পর শুধু আগুনের কথা বলেছিলেন। কিন্তু এমন আরও অনেক বিষয় আছে, যেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সভায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম, নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ বক্তব্য দেন।