সুশাসনের অভাব ও রাজনৈতিক অস্থিরতা উন্নয়নের পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর ৪০ বছরে বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন অগ্রগতি হলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি। এ জন্য রাজনৈতিক অস্থিরতা যেমন দায়ী, তেমনি দায়ী সুশাসনের ঘাটতি।‘স্বাধীনতার ৪০ বছরে দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এমন অভিমত প্রকাশ করেন। ব্র্যাক বিজনেস স্কুল ও দৈনিক বণিক বার্তা গতকাল বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, ‘দেশের সর্বত্রই ক্ষুধা ও দারিদ্র্যের বিচরণ। এ অবস্থা চলতে থাকলে আমরা খুব বেশি দূর এগোতে পারব না।’ তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাই সবচেয়ে বড় সম্ভাবনা। জনসংখ্যা, বিশেষ করে যুবসমাজকে সম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে অগ্রগতি আসবে না।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সুশাসনের অভাব ও রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগের পরিমাণ বাড়ানো এবং অবকাঠামোগত ঘাটতি দূর করার ওপরও জোর দেন।মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ভারত দেশের ৪৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও তা সে দেশে তৈরি পোশাক রপ্তানিতে সহায়ক না-ও হতে পারে। কারণ, ভারতেও তৈরি পোশাক খাত অনেক বড়। অশুল্ক বাধা আরোপের মাধ্যমে তারা দেশীয় প্রতিষ্ঠানকে বিকশিত করতে চাইবে।শেয়ারবাজার প্রসঙ্গে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পুঁজিবাজারের অনেক কোম্পানির ক্ষেত্রেই পারিবারিক নিয়ন্ত্রণ রয়েছে। তাদের চাপে অন্য শেয়ারধারীরা এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার নিতে পারে না। অবশ্য শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন তিনি।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত দেশের জন্য পাঁচটি চ্যালেঞ্জ চিহ্নিত করেন। এগুলো হলো: জনসংখ্যা, নগরায়ণ, রাজনৈতিক অস্থিরতা, প্রকৃতিক সম্পদের স্বল্পতা এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন।সেমিনারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, গত ২০ বছরে দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। তবে একে কীভাবে আরও বাড়ানো যায়, সেটা একটা চ্যালেঞ্জ।রুশিদান ইসলাম বলেন, সংঘাতের রাজনীতি চলতে থাকলে কোনো অগ্রগতিই স্থায়ী হবে না। সঞ্চয়ের হার ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে হলে রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণাপ্রধান ফাহমিদা খাতুন বলেন, ‘কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন দেশের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিবছর ২০ লাখ লোক চাকরির বাজারে আসছে। কিন্তু তারা কাজ পাচ্ছে না। আমরা এখন কৃষি খাতনির্ভর থেকে উৎপাদন খাতনির্ভর শিল্পের দিকে যাচ্ছি। কিন্তু উৎপাদন খাত এগোচ্ছে ধীর গতিতে। তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে কীভাবে?’ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, কিন্তু দেখতে হবে সেটা স্থায়ী হচ্ছে কি না। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বর্তমান রাজনৈতিক অবস্থা সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি।বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ভূমি-জনসংখ্যা অনুপাতের নেতিবাচক হার কৃষি খাতের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিবছর এ কারণে ১ শতাংশ করে আবাদযোগ্য জমির পরিমাণ কমছে।ব্যবসায়ের আনুষঙ্গিক সুবিধাদির ঘাটতিকে অর্থনৈতিক উন্নয়নের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন। তিনি বলেন, এখনো বন্দরগুলোর সেবার মান খুব একটা বাড়েনি, অবকাঠামোর অবস্থাও এখনো নাজুক।সেমিনারে দেশের কৃষি খাত, তৈরি পোশাক ও শেয়ারবাজার নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থী মুনমুন মরিয়াম, সানজীদা নাহার ও আতিনা শাওলীন। অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশিদ।