
সুশাসনের অভাবই দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার সবচেয়ে বড় ঝুঁকি। এ ছাড়া জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, বেকারত্ব, আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা, জলবায়ুগত পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা ও সক্ষমতার অভাবও এই অঞ্চলে ব্যবসা করার অন্যতম অর্থনৈতিক ঝুঁকি।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে এমন মতামত উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০১৬’ শীর্ষক এক প্রতিবেদনে। ব্যবসা-বাণিজ্য করার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি ঝুঁকি নির্ধারণে বিশ্বের ১৪০টি দেশের ১৩ হাজার নির্বাহীর মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে একটি নির্দিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ঝুঁকি যেমন তুলে ধরা হয়েছে, তেমনি পুরো বিশ্বের ঝুঁকিও চিহ্নিত করা হয়েছে। স্বল্পমেয়াদি ঝুঁকির জন্য আগামী ১৮ মাস বা দেড় বছরের সময়সীমাকে নির্দিষ্ট করা হয়েছে, আর আগামী ১০ বছরের জন্য প্রযোজ্য ঝুঁকিগুলোকে ধরা হয়েছে দীর্ঘমেয়াদি। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে চালানো জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসা করার ঝুঁকি একেক দেশে একেক রকম। এর মধ্যে জরিপে বাংলাদেশের নির্বাহীরা বলেছেন, ব্যবসা করার জন্য এ মুহূর্তে তাঁদের সবচেয়ে বড় ঝুঁকি হলো সুশাসনের অভাব। সুশাসনের অভাব বলতে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও অচলাবস্থা এবং সর্বগ্রাসী দুর্নীতিকে বুঝিয়েছেন মতামত প্রদানকারীরা।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের ব্যবসা-বাণিজ্যের ঝুঁকির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। এ ক্ষেত্রে সুশাসনের অভাবের পাশাপাশি জ্বালানি খাতের অনিশ্চয়তাকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মতামত প্রদানকারীদের সর্বোচ্চ ৬৭ শতাংশ এই দুটি বিষয়কে সবচেয়ে বড় ব্যবসায়িক ঝুঁকি মনে করেন। জ্বালানির জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরনির্ভরতা এ ঝুঁকি বাড়াতে ভূমিকা রেখেছে বলেও তাঁরা মনে করেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তা কর্মসংস্থান বাড়াতে পারছে না। বিষয়টিকে ‘জবলেস গ্রোথ’ বা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ সম্পর্কে আরও বলা হয়েছে, আগামী পাঁচ বছরে এ অঞ্চলে প্রতিবছর ২১ লাখ যুবক কর্মক্ষেত্রে প্রবেশ করবে, কিন্তু বিশাল এ কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে একটি বড় চ্যালেঞ্জ। এ অঞ্চলের অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনার সমস্যা, বেকারত্ব ও আংশিক বেকারত্ব, জলবায়ুগত পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা। মতামত প্রদানকারীর ৫০ শতাংশই এ তিনটি বিষয়কে ব্যবসার জন্য সমান ঝুঁকিপূর্ণ মনে করেন।
ব্যবসা করার জন্য সারা বিশ্বে প্রধান পাঁচ ঝুঁকির ১ নম্বরে আছে বেকারত্ব বা অর্ধবেকারত্ব। জরিপে অংশ নেওয়া ১৪০টি দেশের ৪১টি দেশেই বেকারত্ব ১ নম্বর অর্থনৈতিক ঝুঁকি হিসেবে উঠে এসেছে। আর ৯২টি দেশে এটি সবচেয়ে বড় পাঁচ ঝুঁকির একটি হিসেবে চিহ্নিত হয়েছে। বেকারত্বের এই সমস্যা উন্নত ও উন্নয়নশীল সব দেশেই কম-বেশি মাত্রায় আছে। এর সঙ্গে অর্ধবেকারত্ব বা আন্ডার এমপ্লয়মেন্টের সমস্যাটিও উঠে এসেছে প্রতিবেদনে। কাজের পর্যাপ্ত সুযোগের অভাবে কর্মক্ষম একজন ব্যক্তি নির্ধারিত মানের চেয়ে কম সময় কাজে নিয়োজিত থাকলে সেটিকে বলা হয় অর্ধবেকারত্ব।
এরপরের বড় ঝুঁকি হিসেবে ২৯টি দেশের মতামত প্রদানকারীরা জ্বালানি খাতের মূল্য অস্থিরতাকে চিহ্নিত করেছেন। ৯৩টি দেশ এটি তাদের অর্থনীতির সবচেয়ে বড় পাঁচ ঝুঁকির একটি মনে করে। বিশেষ করে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতি এ বছর গভীর সংকটে পড়বে বলেও মনে করা হচ্ছে।
বৈশ্বিক পর্যায়ে ৩ নম্বর ঝুঁকি হিসেবে স্থান পেয়েছে রাষ্ট্রীয় সুশাসনের অভাব। ১৪টি দেশের নির্বাহীরা এ সমস্যাকে তাঁদের দেশে ব্যবসা করার বড় ঝুঁকি মনে করেন। বৈশ্বিক ঝুঁকি হিসেবে ৪ নম্বরে আছে সম্পদের অতিমূল্যায়ন বা অ্যাসেট বাবল। বিনিয়োগের বিভিন্ন উপাদান, যেমন: শেয়ারবাজার, সঞ্চয়পত্র আবাসনের মূল্য অতিরিক্ত বৃদ্ধি বা হ্রাসকে বলা হয় অ্যাসেট বাবল। বৈশ্বিক ঝুঁকির ৫ নম্বরে আছে সাইবার হামলার আতঙ্ক। ব্যক্তিগত, ব্যবসায়িক, রাষ্ট্রীয় পর্যায়ে ইন্টারনেট নেটওয়ার্কের ওপর ক্রমবর্ধমান হামলার কারণেই বিষয়টিকে ব্যবসার জন্য একটি বড় ঝুঁকি মনে করেন নির্বাহীরা।
এ প্রতিবেদনে অর্থনৈতিক, পরিবেশগত, ভূরাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত—সব ক্ষেত্র ধরে আগামী দেড় বছর বা ১৮ মাসে সারা বিশ্বের জন্য পাঁচটি বিষয়কে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়গুলো হলো অনিচ্ছাকৃত অভিবাসন, রাষ্ট্রীয় ব্যর্থতা/সংকট, আন্তরাষ্ট্রীয় দ্বন্দ্ব, বেকারত্ব/আংশিক বেকারত্ব, সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের ব্যর্থতা।
আগামী ১০ বছরে সব ক্ষেত্রের জন্য নির্বাচিত পাঁচটি বড় ঝুঁকি হলো সুপেয় পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যসংকট এবং গভীর সামাজিক অস্থিরতা।