
দেশের উন্নতি আটকে থাকার অন্যতম কারণ হলো সুশাসনের অভাব। মধ্যম আয় বা উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে সুশাসনকে অধিক গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ইকোনমিস্টস ফোরামের (বিইএফ) প্রথম সম্মেলনের উদ্বোধনী দিনে এমন মতামত উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দিনব্যাপী বিভিন্ন সেমিনারের মধ্যে একটি অধিবেশনে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ ‘প্রবৃদ্ধির উৎসের সন্ধানে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন আলমগীর উপস্থাপন করেন ২০৩০ সাল সামনে রেখে মধ্য আয়ের ফাঁদ ও কর্মহীন প্রবৃদ্ধি এবং এ থেকে উত্তরণের উপায়বিষয়ক আরেকটি প্রবন্ধ।
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সেমিনারটি সঞ্চালনা করেন৷ এতে নির্ধারিত আলোচক ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মরগ্যান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক এম জি কিবরিয়া। সঞ্চালক, প্রবন্ধকার, আলোচক ও সেমিনারে অংশ নেওয়া প্রায় সবাই বাঙালি ও বাংলাভাষী হলেও গোটা সেমিনারটিই অনুষ্ঠিত হয় ইংরেজিতে।
সাদিক আহমেদ তাঁর প্রবন্ধে বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিবেচনায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুশাসনের অভাবকেই বাংলাদেশের সবচেয়ে দুর্বল দিক বিবেচনা করা হয়। তিনি বলেন, ‘সরকারি কেনাকাটায় সুশাসনের অভাব দেশের বৃহত্তর স্বার্থকে কতটা আঘাত করতে পারে, সাম্প্রতিক পদ্মা সেতু প্রকল্প তার উদাহরণ।’
প্রবৃদ্ধির হারের সঙ্গে মাথাপিছু আয়কে মিলিয়ে সাদিক আহমেদ যুক্তি দেন, ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে মাথাপিছু আয় হতে হবে দুই হাজার ৫০০ ডলার। প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলেও তা অর্জন করা সম্ভব। যদিও এর কোনো ব্যাখ্যা দেননি তিনি।
পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রবন্ধে বলা হয়, সত্তরের দশকে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের মাথাপিছু আয় কাছাকাছিই ছিল। ১৯৭৪ সালে মালয়েশিয়ার ৭০০, দক্ষিণ কোরিয়ার ৪৮০, চীনের ১৬০ এবং বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১০০ ডলার। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার আয় দাঁড়িয়েছে ২২ হাজার ৬৭০, মালয়েশিয়ার নয় হাজার ৮২০, চীনের পাঁচ হাজার ৭২০ এবং বাংলাদেশের ৮৪০ ডলার।
অর্থাৎ বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ নিম্ন আয় থেকে উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়। সাদিকের মতে এর কারণ হচ্ছে, এই সময়ের মধ্যে মূলধন পুঞ্জীভূত করা, শিক্ষা ও দক্ষ শ্রমশক্তির জন্য প্রশিক্ষণ—এই কাজগুলো হয়েছে দেশগুলোতে।
বিনিয়োগের হার প্রসঙ্গে বলা হয়, ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে জিডিপির ৩২ শতাংশ বিনিয়োগ হবে বলে ঠিক করা হয়। কিন্তু এটি অর্জিত হচ্ছে না। দুর্ভাগ্যজনক যে জাতীয় সঞ্চয়ের হার অভ্যন্তরীণ বিনিয়োগকে ছাড়িয়ে গেছে।’ উল্লেখ্য, জাতীয় সঞ্চয়ের হার বর্তমানে জিডিপির ৩০ শতাংশ আর বিনিয়োগের হার ২৮ দশমিক ৬৯ শতাংশ।
প্রবন্ধে আরও বলা হয়, বেসরকারি খাতকে প্রবৃদ্ধির চালিকা ধরা হলেও সংকোচনমূলক মুদ্রানীতি বেসরকারি খাতকে টেনে ধরে বলে একটি বিতর্কও রয়েছে। এই টেনে ধরা বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ার একটি কারণ হতে পারে। জমির স্বল্পতা এবং বিদ্যুৎ ও গ্যাসের অভাব হলো প্রকৃতপক্ষে বড় কারণ।
মহিউদ্দিন আলমগীর অবশ্য মনে করেন ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আর উন্নত দেশ হবে ২০৪০-৫০ সালের মধ্যে। এ জন্য তিনি কার্যকর বহুদলীয় গণতন্ত্র, শ্রমশক্তির দক্ষতা ও উৎপাদনশীলতার প্রবৃদ্ধি, ভূমির উৎপাদনশীতা বৃদ্ধি, দ্রুততর রপ্তানি প্রবৃদ্ধি, নারী শিক্ষার উন্নয়ন ও জনশক্তি রপ্তানির প্রতি গুরুত্বারোপ করেন।
এই মুহূর্তের চ্যালেঞ্জের মধ্যে আলমগীর চিহ্নিত করেন ‘কথিত মধ্য আয়ের ফাঁদ’ ও ‘কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি’—এই দুটি বিষয়কে। অন্য সমস্যাগুলো হচ্ছে জ্বালানি, সুশাসন, মৌলিক শিক্ষা, অর্থায়ন, কানেকটিভিটি (সংযোগ) ও আঞ্চলিক সহযোগিতার অভাব; ভূমির স্বল্পতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ। এসব সমস্যা মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় প্রবন্ধে।
এতে বলা হয়, মাথাপিছু আয় এক হাজার থেকে ১২ হাজার ডলারের মধ্যে থাকলেই বলা যেতে পারে মধ্যম আয়ের দেশ। কিন্তু এটি একটি ফাঁদও বটে। দুই কারণে একে ফাঁদ বলা যেতে পারে। প্রথমত, প্রকৃত মজুরি বৃদ্ধি পাওয়া, নিম্ন বিনিয়োগ হার, উৎপাদনশীল খাতের নিম্ন প্রবৃদ্ধি, শিল্পায়ন বৈচিত্র্যকরণ না থাকা ও শ্রমবাজারের নিম্নমুখী অবস্থার কারণে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড এর উদাহরণ। দ্বিতীয় কারণ হচ্ছে, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তির মাধ্যমে তুলনামূলক এগিয়ে থাকা দেশগুলো আরও এগিয়ে যাওয়া।
কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বলা হয়, শিল্প স্থাপিত হচ্ছে ঠিক, কিন্তু যে পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে, সে তুলনায় শিল্প স্থাপন কম। ফলে মধ্যম আয়ের দেশ হিসেবে টিকে থাকা কষ্টকর হয়ে যায়। ফিলিপাইন এর শ্রেষ্ঠ উদাহরণ।
যোগাযোগ-ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক করিডর স্থাপন, সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) মাধ্যমে বড় বড় প্রকল্প বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দেন মহিউদ্দিন। দ্রুততম সময়ের মধ্যে কয়লানীতি প্রণয়ন করে তা বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।
আশাবাদ ব্যক্ত করে অর্থনীতিবিদ আলমগীর বলেন, আপাতত গতানুগতিক মনে হলেও বাংলাদেশ আধুনিক, গতিশীল ও চেতনার দিক থেকে খোলামেলা একটি দেশ। সব সমস্যা মোকাবিলা করে এ দেশের পক্ষে উন্নত দেশে পরিণত হওয়া খুবই সম্ভব।