সুশাসনের ঘাটতির কারণে ব্যাংকে খেলাপি ঋণ বেশি
অতি মুনাফা প্রবৃত্তি ও সুশাসনের ঘাটতির কারণে দেশের ব্যাংক খাতে শ্রেণীকৃত বা খেলাপি ঋণ ১০ শতাংশের ওপরে রয়েছে। ঋণ ব্যবস্থাপনায় সুশাসন থাকলে মন্দ ঋণের পরিমাণ এত বেশি হওয়া সম্ভব নয়। ‘ব্যাংক খাতের মুনাফায় করপোরেট সুশাসনের প্রভাব’ শীর্ষক এক সেমিনারে এমন মতামত ব্যক্ত করেছেন এ খাতের বিশেষজ্ঞরা।
রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত (বিআইবিএম) এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক সোহেল মোস্তফা।
আবু হেনা মো. রাজী হাসান বলেন, সুশাসন নিশ্চিতে কিছু কিছু ব্যাংকে এখন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও অনেক ব্যাংক মুনাফা বেশি দেখানোর জন্য খেলাপি ঋণ পুনর্বিন্যাস করে প্রকৃত তথ্য লুকানোর চেষ্টা করে। এসব বিষয় ব্যাংকের করপোরেট সুশাসনের জন্য সহায়ক নয়। মুনাফা অবশ্যই করতে হবে কিন্তু সে জন্য গ্রাহকের আস্থায় যাতে চিড় না ধরে, সেটি করপোরেট সুশাসনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ইব্রাহিম খালেদ বলেন, যদি একটি ব্যাংকের শ্রেণীকৃত মন্দ ঋণের পরিমাণ বেশি হয়, তাহলে একটি ব্যাংক কীভাবে দাবি করতে পারে যে সেখানে সুশাসন আছে। সুশাসন ভালো হলো ১০ শতাংশের বেশি মন্দ ঋণ হওয়া কী করে সম্ভব? মন্দ ঋণের ক্ষেত্রে ব্যাংকের সুশাসন একেবারেই নিম্নমানের। করপোরেট সুশাসনের কাজ হলো ব্যাংকের ব্যবসা করার প্রক্রিয়াটি কতটুকু সঠিকভাবে পালন করা হচ্ছে, সেটি নিশ্চিত করা।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, ৩৫টি ব্যাংকের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ৭০ শতাংশ ব্যাংকের করপোরেট সুশাসনের মান সন্তোষজনক। আর ৩০ শতাংশ ব্যাংকে সুশাসন পরিস্থিতি খারাপ অথবা আরও উন্নতির সুযোগ আছে। গবেষণায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের আকারের সঙ্গে সুশাসনের কোনো সম্পর্ক নেই। পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বাড়লে সেটি সুশাসন ও মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলে। আবার ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে নিরীক্ষা কমিটির আকার বড় হলে সেটি সুশাসনে নেতিবাচক প্রভাব ফেলে। পরিচালনা পর্ষদে একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের উপস্থিতি বেশি হলে সেটিও সুশাসনে বাধা হিসেবে কাজ করে। ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে।
গবেষণাটির বিষয়ে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, গবেষণায় ব্যাংকের পরিচালনা পর্ষদের আকারের সঙ্গে সুশাসনের সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়েছে, যেটি বাস্তবসম্মত নয়। আবার পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণের সঙ্গে করপোরেট সুশাসনের সরাসরি কোনো সম্পর্ক আছে বলেও মনে হয় না। এসব বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এ ধরনের ফ্যালাসির (ভুল ধারণা) ওপর ভিত্তি করে গবেষণা হয় না। সুশাসনের অভাবের কারণে কীভাবে ব্যাংকের মন্দ ঋণ বেড়ে যাচ্ছে এবং কর্মদক্ষতায় কী ধরনের পার্থক্য তৈরি হচ্ছে, সে বিষয়টি এখানে আনা যেত। এ বিষয়গুলো যুক্ত করে ফ্যালাসিগুলো দূর করা হলে গবেষণাটি আরও কার্যকর হবে।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ও নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে বেশির ভাগ পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। করপোরেট সুশাসন বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে ব্যাংক খাতের করপোরেট সুশাসন দিন দিন উন্নত হচ্ছে।
সেমিনারে বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, হেলাল উদ্দিন, সাউথইস্ট ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী প্রমুখ।