সুশাসনের জন্য প্রয়োজন সক্ষমতা ও সদিচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বৈশ্বিক উন্নয়ন অ্যাজেন্ডার আলোকে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন অগ্রাধিকার পেতে হবে। বাংলাদেশ সরকার বিগত সময়ে সুশাসনের বেশ কিছু নীতি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। কিন্তু এসবের বাস্তবায়ন এখনো মানুষের জীবনকে স্পর্শ করেনি। তাই প্রয়োজন নাগরিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক সক্ষমতা জোরদার ও রাজনৈতিক সদিচ্ছাকে দৃশ্যমান করা।
মাদারীপুরে গতকাল শনিবার ‘নতুন বৈশ্বিক উন্নয়ন: শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি মাদারীপুর সভাটির আয়োজন করে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় অতিথি বক্তা ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাম্মানিক নির্বাহী পরিচালক সারা হোসেন। এতে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্পাদক ফজলুল হক ও সহসভাপতি নুরুল আলম বাবু চৌধুরী, স্থানীয় পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সুশাসন ও কার্যকরী প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে শান্তি আর নিরাপত্তাও উন্নয়নের অন্যতম নিয়ামক হয়ে উঠছে। পৃথিবীর যেসব দেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেখানেই উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
দেবপ্রিয় বলেন, মানবাধিকারের সঙ্গে উন্নয়নের সম্পর্ক আরও বেশি স্পষ্ট। মানবাধিকার সুরক্ষাকারী ভিত্তি ছাড়া কোনো উন্নয়নকাঠামোই যেমন টেকসই হতে পারে না, তেমনি জনগণের জীবনযাপনের ক্ষেত্রেও উন্নয়ন প্রকৃত ইতিবাচক প্রভাব রাখতে পারে না।
এই অর্থনীতিবিদ আরও বলেন, আইনের শাসন, শান্তি ও মানবাধিকারের ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের বড় ঘাটতি রয়েছে। এ বিষয়টি নিয়ে সরকার ও বেসরকারি সংগঠনগুলোকে বিনিয়োগ করতে হবে, সৃষ্টিশীল হতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি জাতীয়ভাবে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণে আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতিকাঠামো তৈরি করা হয়েছে, যার মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন অন্যতম। এসবের কার্যকর প্রয়োগ অপরিহার্য।
সারা হোসেন বলেন, এসডিজির ১৬ নম্বর অভীষ্ট অর্জনে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি বাড়ানো দরকার।
ফজলুল হক বলেন, ‘দুর্নীতি না কমানো গেলে উন্নয়নের ফসল আমরা ভোগ করতে পারব না।’