সুশাসনের পথে এগিয়েছি খুঁড়িয়ে খুঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জাহিদ হোসেন
জাহিদ হোসেন
সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। কাছাকাছি সময়ে তাঁদের এ সফর ছিল বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরের তাৎপর্য নিয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ ও সুজয় মহাজন

প্রথম আলো: হতদরিদ্র মানুষের হার কমাতে বাংলাদেশের সাফল্য উদ্‌যাপন করতে এসেছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বাংলাদেশের সাফল্য আসলে হতদরিদ্র মানুষের জীবনে কতটা পরিবর্তন এনেছে?

জাহিদ হোসেন: আমাদের কাছে জরিপভিত্তিক যেসব তথ্য রয়েছে, তা ২০১০ সালের তথ্য। এর পরের হালনাগাদ কোনো তথ্য আমাদের হাতে নেই। একটি জরিপ চলছে, যেটি শেষ হবে আগামী বছর। তখন বলা যাবে যাদের আমরা হতদরিদ্র অবস্থা থেকে তুলে এনেছি, সেটা কতটা টেকসই হলো।

তবে দারিদ্র্যবিমোচনের সঙ্গে সম্পর্কিত প্রাক্কলিত সূচকগুলোতে এ সময়ের মধ্যে বেশ অগ্রগতি দেখতে পাচ্ছি আমরা। আর বাস্তবেও যে দারিদ্র্য কমেছে, তা গ্রামেগঞ্জে গেলেই চোখে পড়ে। একসময়ের উত্তরাঞ্চলে মঙ্গা সমস্যার মতো প্রকট সমস্যাগুলো এখন খুব বেশি দেখা যায় না। তবে হতদরিদ্র অবস্থা থেকে যারা বেরিয়ে এসেছে, তারা এখনো কিন্তু দারিদ্র্যসীমার নিচে রয়ে গেছে। বর্তমানে আমাদের প্রায় চার কোটি লোক দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাই দারিদ্র্যবিমোচন এখনো বড় চ্যালেঞ্জ।

প্রথম আলো: কয়েক বছর ধরে আমাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর রয়েছে। জিডিপি প্রবৃদ্ধির সুফল আসলে দেশের সবাই সমভাবে পাচ্ছে কী?

জাহিদ হোসেন: প্রবৃদ্ধির সুফল দেশের সব শ্রেণি-পেশার মানুষ সমভাবে পাচ্ছে কি না, তা যাচাইয়ে বিশ্বব্যাংক নতুন একটি সূচক ব্যবহার করছে। সেটি হচ্ছে ‘শেয়ার প্রসপারিটি প্রিমিয়াম’। যেখানে সমাজের সর্বনিম্ন স্তরে থাকা ৪০ শতাংশ মানুষের আয়ের যে প্রবৃদ্ধি, তা সার্বিক আয়ের প্রবৃদ্ধির তুলনায় কী অবস্থায় আছে, তার ভিত্তিতে প্রবৃদ্ধির সুফলের হিসাব করা হয়। তাতে দেখা যাচ্ছে, সর্বনিম্ন স্তরের ৪০ শতাংশের আয় প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির চেয়ে বেশি। সে ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। তবে যেটুকু ভালো অবস্থায় রয়েছে, তার চেয়ে আরও অনেক বেশি ভালো করার সুযোগ যেমন আছে, তেমনি প্রয়োজনও রয়েছে।

প্রথম আলো: বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরের ফলে বাংলাদেশের অর্জন কী?

জাহিদ হোসেন: বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম উন্নয়ন-সহযোগী সংস্থা। যে সহযোগিতা বিশ্বব্যাংক বাংলাদেশকে দিয়ে আসছে, প্রেসিডেন্টের সফরে তার খুব বেশি হেরফের হয়ে যাবে, তেমন হয়তো নয়। তবে এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন যেটি সেটি হলো ব্র্যান্ডিং। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের সাফল্যের কথা বলছেন, আন্তর্জাতিক বিশ্বে এটি বাংলাদেশের জন্য অনেক বড় স্বীকৃতি। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এত দিন বাংলাদেশ সম্পর্কে যা জানতেন, তা ছিল পরিসংখ্যানগত তথ্য। এ সফরের মধ্য দিয়ে তিনি বাস্তব অবস্থাটাও নিজের চোখে দেখে গেলেন, যা ভবিষ্যতে বাংলাদেশের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রথম আলো: দারিদ্র্যবিমোচনকে টেকসই করতে হলে কী করতে হবে?

জাহিদ হোসেন: দারিদ্র্যবিমোচন টেকসই করতে আন্তর্জাতিকভাবে এখন যে বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো, প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে দারিদ্র্যের যে বিস্তার, তা বন্ধ করা। তাই প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যেকার দারিদ্র্যের বিস্তার থামাতে হলে দরিদ্র জনগোষ্ঠীর নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য প্রবৃদ্ধির চেয়েও নীতিসহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম আলো: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সুশাসনের বিষয়টি সব সময় আলোচনায় উঠে আসে। সুশাসন প্রতিষ্ঠায় আমাদের অগ্রগতি কেমন বলে মনে করেন?

জাহিদ হোসেন: অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে আর্থিক অবস্থাসংক্রান্ত সূচক। আর সুশাসন হচ্ছে জীবনসম্পর্কিত। সুশাসন এমনই জীবনঘনিষ্ঠ যে যার ওপর অনেক ক্ষেত্রে নাগরিকের শান্তিতে ঘুমের বিষয়টিও নির্ভর করে। এখন ধরা যাক, আমাদের ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলো কিন্তু নাগরিক জীবনে স্বস্তি নেই, তাহলে সেই প্রবৃদ্ধি কোনো কাজে আসবে না। যেখানে সুশাসন নেই, সেখানে অর্থও থাকতে চায় না, আবার মানুষও থাকতে চায় না। সুশাসনের অভাববোধ থেকেই অর্থ পাচার ও নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে। সুশাসনের অভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দেয়। সুশাসনের পথে আমরা এগিয়েছি খুঁড়িয়ে খুঁড়িয়ে।

মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, ঢাকা