সুষম প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অন্যতম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী জিয়াদ সাতারা

জিয়াদ সাতারা
জিয়াদ সাতারা

প্রথম আলো: সম্প্রতি আপনাদের গ্রাহকসংখ্যা তিন কোটি ছাড়িয়ে গেছে। এ সাফল্যের নেপথ্য কারণগুলো কী?
জিয়াদ সাতারা: আমরা বিশ্বাস করি মানসম্পন্ন সেবায়। এর মাধ্যমেই গ্রাহকের কাছাকাছি যাওয়া সম্ভব। গত কয়েক বছরে আমরা এ বিষয়টির ওপরই গুরুত্ব দিয়েছি। সেরা নেটওয়ার্কের মাধ্যমে সর্বনিম্ন মূল্যে গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছি। এ কারণেই গ্রাহকেরা আমাদের ওপর আস্থা রেখেছেন। ফলে এ অবস্থানে আমরা আসতে পেরেছি।
প্রথম আলো: এ সময়ে কী ধরনের প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে?
জিয়াদ সাতারা: বাংলাদেশের বাজারে আমরা অন্যদের তুলনায় অনেকটা দেরিতে শুরু করেছি। আমাদের লক্ষ্য ছিল বাজারে দ্রুত আমাদের অবস্থান তৈরি করা। সে জন্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা, কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেরা সেবা দেওয়ার জন্য তৈরি করার বিষয়ে গুরুত্ব দিতে হয়েছে। আমি মনে করি, এখন আমাদের কর্মীরা পুরো এ খাতের মধ্যে সেরা। নেটওয়ার্কের দিক থেকেও আমরা সেরা। সব প্রতিকূলতা পেরিয়ে আমরা একটি শক্ত অবস্থানে নিজেদের নিয়ে যেতে সক্ষম হয়েছি।
প্রথম আলো: আপনারা নেটওয়ার্ক উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছেন। আপনাদের আধুনিক এ নেটওয়ার্কের বৈশিষ্ট্য কী?
জিয়াদ সাতারা: নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে বিপুল বিনিয়োগের পেছনে যে কাজ করেছে গ্রাহকদের বিশ্বমানের সেবা দেওয়ার প্রয়াস। এর মাধ্যমে আমাদের পুরোনো প্রযুক্তি বিদায় নেবে। গ্রাহকেরা মোবাইল কলের ক্ষেত্রে আরও ভালো অভিজ্ঞতা পাবেন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও অভিজ্ঞতা হবে চমৎকার। আপনারা জানেন, সম্প্রতি আমরা গ্রাহকদের কল ড্রপের ঘটনায় টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা একটা সাহসী উদ্যোগ। এটাকে আমরা ভয়ের বিষয় হিসেবে না দেখে গ্রাহক-সন্তুষ্টির দৃষ্টিকোণ থেকে দেখেছি। আধুনিক নেটওয়ার্কের প্রযুক্তিগত সক্ষমতা ও উৎকর্ষের বিষয়ে আস্থা রেখেই এ ঘোষণা আমরা দিতে পেরেছি।
প্রথম আলো: আপনাদের থ্রিজি সেবার বর্তমান অবস্থা কী? ভবিষ্যতে থ্রিজিতে বিশেষ কী সুযোগ পাবে গ্রাহকেরা?
জিয়াদ সাতারা: থ্রিজি সেবায় এরই মধ্যে আমাদের বিনিয়োগ প্রায় আড়াই হাজার কোটি টাকা (৩০০ মিলিয়ন ডলার)। আমাদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা এখন আট লাখেরও বেশি। থ্রিজি সেবার বিস্তৃতির জন্য বাংলালিংক ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে। এখনো নেটওয়ার্ক বিস্তৃতির কাজ চলছে। জেলার পর অন্যান্য অঞ্চলে পর্যায়ক্রমে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলতে থাকবে। থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃতির পাশাপাশি থ্রিজি সেবার ক্ষেত্রে আমাদের মনোযোগ রয়েছে। ভয়েস কলের মতো ইন্টারনেটেও আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। এ ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা ও সামর্থ্য অনুসারে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়টি আমাদের মাথায় রয়েছে।
প্রথম আলো: বিটিআরসির সাম্প্রতিক হিসাবে ইন্টারনেট গ্রাহক চার কোটি ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে সক্রিয় গ্রাহক এর অর্ধেক? থ্রিজি চালুর পর গ্রাহকের এ প্রবৃদ্ধিকে কীভাবে দেখছেন?
জিয়াদ সাতারা: গ্রাহকসংখ্যা চার কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই ইতিবাচক। আর সক্রিয় গ্রাহক সম্পর্কে বলা যায়, অপারেটররা বিটিআরসিকে যে হিসাব দেয়, সেখানে এক মাসের মধ্যে কোনো না-কোনো প্যাকেজ ব্যবহার করেছেন তাঁদের বিবেচনায় নেওয়া হয়। আবার সক্রিয় গ্রাহকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ অনেক বেড়েছে। এটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিতে চাই।
প্রথম আলো: থ্রিজির জন্য সঠিক হ্যান্ডসেট কিংবা স্মার্টফোন পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলালিংক কোন ধরনের ভূমিকা নিচ্ছে?
জিয়াদ সাতারা: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। তাই সামর্থ্যের মধ্যে সঠিক মানের হ্যান্ডসেট না পাওয়া গেলে এর বিস্তারে সমস্যা তৈরি হতে পারে। আমরা এ বিষয়ে সচেতন। সম্প্রতি আমরা সিম্পনি মোবাইলের সঙ্গে একটা পার্টনারশিপে যুক্ত হয়েছি। আমাদের লক্ষ গ্রাহকদের ৫০ ডলারে স্মার্টফোন ব্যবহারের সুযোগ তৈরি করে দেওয়া। সে জন্য তিন হাজার ৮০০ টাকায় স্মার্টফোন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এটাকে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা সহায়তা করছি। ভবিষ্যতে আমাদের দিক থেকে এ ধরনের আরও উদ্যোগ আসবে।
প্রথম আলো: বলা হয়ে থাকে, যথাযথ কনটেন্টের অভাবও থ্রিজি বিস্তারে একটি বাধা। আসলেই কি তাই?
জিয়াদ সাতারা: অবশ্যই কনটেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা, বিনোদন, খেলাধুলা—সব খানেই ইন্টারনেটের চাহিদা রয়েছে। কিন্তু উপযুক্ত কনটেন্টের অভাব রয়েছে। স্থানীয়ভাবে তৈরি কিংবা বাংলা ভাষার কনটেন্ট অনেক কম। এসব দিকে নজর দিলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।
প্রথম আলো: বাংলাদেশের ভবিষ্যৎ ডেটা ব্যবসা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?
জিয়াদ সাতারা: বাংলাদেশে ডেটা ব্যবসার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সে কারণেই টেলিকম অপারেটর ও তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা এ খাতকে অগ্রাধিকার দিচ্ছেন। এ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ করছি।
প্রথম আলো: এখানকার নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
জিয়াদ সাতারা: বিশ্বের কোথাও কোনো কিছুই নিখুঁত নয়। সব জায়গায় মতের অমিল থাকে। তার পরও আমি বলব, বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বেশ ভালো কাজ করছে। তারা একটা কাঠামোর ভেতরে থেকেই কাজ করছে। ব্যক্তিগতভাবে আমি অবশ্য কাঠামোর ভেতরে আটকে না থেকে বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী। আইনের ভেতরে থেকে আমাদের প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া উচিত। এখানে ছয়টি কোম্পািন কাজ করছে। এদের মধ্যে প্রতিযোগিতার সুযোগ থাকলে গ্রাহকেরাই লাভবান হবেন।