সুহৃদ ইন্ডাস্ট্রিজের এমডির বিরুদ্ধে তদন্ত কমিটি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হকের অবৈধ কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিএসইসির উপপরিচালক নজরুল ইসলাম ও সহকারী পরিচালক আসিফ ইকবালের সমন্বয়ে গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশন সূত্র জানায়, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এমডি পদে থেকে জাহিদুল হক কোম্পানির নানা কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। এর ফলে নানাভাবে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারধারীদের স্বার্থহানি ঘটছে বলে সম্প্রতি কমিশনের কাছে অভিযোগ আসে।
গত সেপ্টেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সুহৃদ ইন্ডাস্ট্রিজ। এর আগে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে বিক্রি করা হয়। তার আগে কোম্পানিটি প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমেও শেয়ার বিক্রি করে। শুরু থেকেই কোম্পানিটিকে ঘিরে বিনিয়োগকারীদের নানা অভিযোগ ছিল। একাধিক শেয়ারধারীর অভিযোগ ছিল, টাকা দিয়েও প্রাক-আইপিওর নির্দিষ্ট পরিমাণ শেয়ার বুঝে পাননি তাঁরা।