সূচক, লেনদেন দুইই বেড়েছে
সপ্তাহের শেষ কর্ম দিবস আজ বৃহস্পতিবারও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতির মধ্যে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে ডিএসইতে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৪১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টিরই দাম বেড়েছে। কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা ও এনবিএল।দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭০৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১০৫টির দাম বেড়েছে। কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজও ১৬ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে।