সূচক ঊর্ধ্বমুখী রেখেছে ব্যাংকের শেয়ার
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েক দিন ধরে এই খাতের মূল্যবৃদ্ধি ঘটছে। আর সেই কারণে বাজারে বেশির ভাগ শেয়ারের দাম কমার পরও সূচক বাড়ছে। গতকাল বুধবারও একই ঘটনা ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক এদিন প্রায় ৪১ পয়েন্ট বেড়েছে। যদিও এদিন দুই বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের শেয়ার অবমূল্যায়িত অবস্থায় ছিল। সূচকে ব্যাংকের শেয়ারের বেশ প্রভাব রয়েছে। পাশাপাশি হরতালে বাজারের সূচক ঊর্ধ্বমুখী রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলো বেশ সক্রিয় ছিল বলে মনে হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো জানে, ব্যাংকের শেয়ারের দর বাড়লে সূচকও বাড়বে। সেজন্য হয়তো প্রতিষ্ঠানগুলো ব্যাংকের শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, সম্প্রতি ব্যাংকগুলো তাদের প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বেশির ভাগ ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। সে কারণে হয়তো সাধারণ বিনিয়োগকারীদেরও এ খাতে বিনিয়োগের আগ্রহ কিছুটা তৈরি হয়েছে।
ঢাকার বাজারে গতকাল ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টিরই দাম কমেছে, বেড়েছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। এ ছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টিরই দাম বেড়েছে। ঢাকার বাজারের সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১১২ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন ২১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২১টিরই দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫১ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।