দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৮২ পয়েন্ট কমে ৪,৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৫১ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচক কমার হার একটু কমে যায়। দুপুর ১২টা ৪০ মিনিটে সূচক কমার হার দাঁড়ায় ২২ পয়েন্ট। এরপর সময়ের সঙ্গে সূচক কমার হার অব্যাহত ছিল।আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ২৯টির দাম, কমেছে ২১৯টির আর অপরিবর্তিত আছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক লি., মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট এবং ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স।