সূচক ও লেনদেন কমল দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। পাশাপাশি গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে, যদিও শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল শেয়ারবাজারে।


ডিএসইতে সূচক কমেছে ৪৫ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭০৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে গতকালের চেয়ে সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দাম কমেছে। বেড়েছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৯ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।


সিএসইতে সূচক কমেছে ১৫৫ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬০৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম কমেছে, বেড়েছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬৩ কোটি টাকা লেনদেন হয়।


ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল পদ্মা অয়েল। এ ছাড়া স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, বেঙ্গল উইন্ডসর, ইউসিবিএল, লংকাবাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।