সূচক ও লেনদেন কমল দুই বাজারে
সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৫০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়। তবে শেষ মুহূর্তে সূচক সামান্য বাড়লেও এই প্রবণতা ধরে রাখতে পারেনি বাজার।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম কমেছে, বেড়েছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল মঙ্গলবারের চেয়ে ১৪৬ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমল ১৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭২০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টিরই দাম কমেছে, বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৮ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বিএসসি
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। আজ এই প্রতিষ্ঠানের ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণ ফোন, নাভানা সিএনজি, বিএসসিসিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সিঙ্গার বিডি, প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।