সূচক ও লেনদেন কমল দুই বাজারে
সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪,২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দাম কমেছে; বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৯৯ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বিএসসিসিএল, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, কেপিসিএল ও সামিট পাওয়ার।এদিকে, আজ সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৪৪৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৩৬টির দাম কমেছে; বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।