সূচক ও লেনদেন কমল শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কমেছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৪৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,১০০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক বেড়েছিল ২২ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম কমেছে, বেড়েছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইর মতো সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৫৮ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম কমেছে, বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। প্রতিষ্ঠানটির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, অ্যাকটিভ ফাইন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, তাল্লু স্পিনিং, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ার, আইসিবি প্রভৃতি।