সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। ফলে বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে কিছুটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবও বাজারে লক্ষ করা গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯২৮ পয়েন্টে। গতকাল সূচক কমেছিল ৩১ পয়েন্ট।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সোয়া ১১টার দিকে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে; কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৪৪ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে; কমেছে ৯৭টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইর লেনদেন আজ ২০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের আট কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরগন ডেনিমস, ডেল্টালাইফ ইনস্যুরেন্স, সিএমসি কামাল, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, আরডি ফুড প্রভৃতি।