দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও দিন শেষে সূচক কমেছে। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৫,৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ২৩ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ছিল ৫৬ পয়েন্ট। একটু কমে আধা ঘণ্টায় সূচক বাড়ে ৪৯ পয়েন্ট। দুপুর একটায় আরো কমে সূচক বাড়ার হার ছিল ১৮ পয়েন্ট। এভাবে ওঠানামার মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন।আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৬৯টির দাম, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৮৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, যমুনা অয়েল এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।