দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২২ পয়েন্ট কমে ৪,৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে গেলেও ১৫ মিনিটে নিম্নমুখী হয়ে কমে যায় চার পয়েন্ট। ৩০ মিনিটে আবার বেড়ে যায় ৩৬ পয়েন্ট। সূচক বাড়ার হার একটু কমে ৪৫ মিনিটে দাঁড়ায় ২১ পয়েন্ট। এক ঘণ্টায় বাড়ে ৩৪ পয়েন্ট। একটু কমে বেলা একটায় সূচক বাড়ে ২৭ পয়েন্ট। এরপর সূচক কমতে কমতে নিম্নমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৭৯টির দাম, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত আছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় নয় কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, গ্রামীণফোন, যমুনা অয়েল, লঙ্কাবাংলা ফিন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফনিক্স ফিন্যান্স, এমআই সিমেন্ট এবং জিপিএইচ ইস্পাত।