সূচক ও লেনদেন কমেছে দুই বাজারে
গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ৩৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একবার সূচক সামান্য বাড়লেও আবারও নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টিরই দাম কমেছে। বেড়েছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ১১৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৬৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টির দাম কমেছে। বেড়েছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৩ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া এএফসি অ্যাগ্রো বায়োটেক, বিএসসিসিএল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, যমুনা অয়েল, পদ্মা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।