সূচক ও লেনদেন কমেছে দুই বাজারে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা দুইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। তবে শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে দুই বাজারে।রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। এতে রাজনৈতিক পরিস্থিতি আবার খারাপ অবস্থায় যেতে পারে, এমন আশঙ্কা দেখা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে।এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শেয়ারবাজার খুবই স্পর্শকাতর জায়গা। সামান্য বিষয়ে এতে প্রভাব পড়ে। তিনি বলেন, আজ গোলাম আযমের রায় ঘোষণার খবর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আবার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে, বিনিয়োগকারীদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার প্রভাব বাজারে দেখা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২০৬ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৪৪ পয়েন্ট বেড়ে যায়। তবে এক ঘণ্টা পর সূচক বাড়ার হার কমতে শুরু করে। বেলা পৌনে ১২টার দিকে নিম্নমুখী ধারায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৫টির দাম কমেছে; বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৫৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৪৯ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৭৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনিক হোটেল, তিতাস গ্যাস প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১০৪ পয়েন্টে।সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দাম কমেছে; বেড়েছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।