সূচক ও লেনদেন কমেছে দুই বাজারেই
রেকর্ড লেনদেনের এক দিন পর আজ বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসংশোধন হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। গতকাল দুই বাজারে রেকর্ড লেনদেন হয়।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২১৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ৬৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮৭ কোটি টাকা কম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে এক হাজার ৭২ কোটি টাকার লেনদেন হয়।ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৬টির দাম কমেছে; বেড়েছে ৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, ডেসকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএন স্পিনিং প্রভৃতি।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক আজ ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৬৬ পয়েন্টে। সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম কমেছে; বেড়েছে ৩৭টির, আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।সিএসইতে আজ ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬০ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।