সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা গেছে। তবে লেনদেন শেষে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অবস্থাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় এ অবস্থা হয়েছে। এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, প্রফিট টেকিং বা মুনাফা তুলে নেওয়ায় আজ সূচক ও লেনদেন কমেছে, যা বাজারের স্বার্থের জন্য ভালো দিক। তা ছাড়া বাজার বর্তমানে সঠিকভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি।ডিএসই সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৯.৪৫ পয়েন্ট কমে ৫৪১৭.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক সামান্য বাড়লেও পরের পাঁচ মিনিটে ৪ পয়েন্ট কমে যায়। আর ২০ মিনিট সূচক ২৩ পয়েন্ট এবং ১২টা পাঁচ মিনিটে ৩৭ পয়েন্ট বেড়েছিল। বেলা দুইটার পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে। কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬১৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, গ্রামীণফোন, বিকন ফার্মা, ইউনাইটেড এয়ার, ফু-ওয়াং সিরামিকস, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, আফতাব অটো ও কেয়া কসমেটিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৩.৭৩ পয়েন্ট কমে ১৫৩৮৫.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।