সূচক ও লেনদেন দুই-ই কমে গেছে
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার মূল্যসূচক সামান্য কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ১৭ পয়েন্ট কমেছে। লেনদেনও হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৪৫ পয়েন্ট। টানা চার দিন মূল্যবৃদ্ধির পর দুই স্টক এক্সচেঞ্জে এই দরপতন ঘটল। তাই বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে দরপতন না বলে মূল্য সংশোধন হিসেবে অভিহিত করেছেন।যোগাযোগ করা হলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘সর্বনিম্ন যে অবস্থা থেকে বাজার বর্তমান অবস্থায় এসেছে তাতে অনেক বিনিয়োগকারী এরই মধ্যে বেশ ভালো মুনাফা করেছেন। তাঁদেরই একটি অংশ সেই মুনাফা তুলে নিচ্ছে। এ কারণে বিক্রির চাপ কিছুটা বেশি ছিল। এতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের মূল্য সংশোধন হয়েছে।’ঢাকার বাজারে সোমবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮৪ কোটি টাকা কম। এ দিন ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৪৯ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা কম। পাশাপাশি চলতি বছরের মধ্যে সিএসইতে এটি দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। সিএসইর সার্বিক সূচক এ দিন কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯০০ পয়েন্টে। বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই: এদিকে শেয়ারবাজারে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক তহবিল পরিচালনাকারী (ফান্ড ম্যানেজার) ছয়টি প্রতিষ্ঠানের নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ঘুরে গেছে। প্রতিষ্ঠান ছয়টি হলো টিআইএএ সিআরইএফ, এভারেস্ট, উইলিয়াম ব্লেয়ার, কলম্বিয়া ম্যানেজমেন্ট, আরটিমিজ, ভিক্টোরি ক্যাপিট্যালম্যানেজমেন্ট। গত রোববার প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি, ব্যাংক, সিমেন্ট খাতের সরকারি-বেসরকারি বেশ কয়েকটি কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া গতকাল দুপুরে প্রতিনিধিদলের সদস্যরা ডিএসই কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধিদলটির বাংলাদেশ সফরের বিষয়টি সমন্বয়ের দায়িত্ব পালন করে লংকাবাংলা সিকিউরিটিজ। যোগাযোগ করা হলে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতেই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এ দেশে এসেছেন। এ সময় তাঁরা তালিকাভুক্ত বেশকিছু কোম্পানির সঙ্গেও বৈঠক করেছেন। তবে এখনই বিনিয়োগের চূড়ান্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।’ ওয়ালিউল ইসলাম আরও বলেন, ‘ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব প্রতিষ্ঠানের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের বাজারে বিনিয়োগের যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।’