সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতালের প্রথম দিন শেয়ারবাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও দ্বিতীয় দিনে গতকাল সোমবার দেশের শেয়ারবাজার ছিল ঊর্ধ্বগতি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ২১ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২৬৭ পয়েন্ট। একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারের মূল্যসূচক ও লেনদেন বাড়লেও ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের স্বশরীরে উপস্থিতি ছিল কম। বেশির ভাগ বিনিয়োগকারী টেলিফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচা করেছেন। হরতালের দ্বিতীয় দিনেও লেনদেন সচল রাখতে কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়নি ডিএসই কর্তৃপক্ষকে। লেনদেন শুরুর নির্ধারিত সময়ের আগেই সংস্থাটির অধিকাংশ সদস্যই স্বয়ংক্রিয়ভাবে ‘ট্রেড সার্ভারে’ প্রবেশ করে (লগইন) লেনদেনে অংশ নেওয়ার ব্যাপারে তাঁদের সম্মতি দেন। ডিএসইর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, বেলা ১১টায় লেনদেন শুরুর আগে ডিএসইর ২১৭ জন সদস্য বা ব্রোকারেজ হাউস ‘ট্রেড সার্ভারে’ লগইন করে। নিয়ম অনুযায়ী, লেনদেন সচল রাখার জন্য ডিএসইর সদস্যদের এক-তৃতীয়াংশ বা ৭০ জনের সম্মতির প্রয়োজন ছিল। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। যদিও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানিরই শেয়ারের দাম কমেছে এ দিন। হরতালে বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘হরতালের মধ্যেও বাজার বেশ স্বাভাবিক আচরণ করছে। ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকলেও লেনদেন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। এতে বোঝা যাচ্ছে, স্বশরীরে উপস্থিত না থাকলেও বিকল্প ব্যবস্থায় বিনিয়োগকারীরা লেনদেনে সক্রিয় রয়েছেন। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেশ ভালো রয়েছে বলে লেনদেন দেখে মনে হয়েছে।’ হাফিজ আরও বলেন, বাজার পর্যালোচনা করে দেখা যাচ্ছে, মৌল ভিত্তিসম্পন্ন ও লভ্যাংশ ঘোষিত হবে, এমন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। এটি খুবই ভালো দিক। নতুন নতুন অর্থও বাজারে বিনিয়োগ হচ্ছে। সব মিলিয়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের একটি প্রতিফলন দেখা যাচ্ছে। ডিএসইতে গতকাল লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে: যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, ডেসকো, এমআই সিমেন্ট, মবিল যমুনা, লুব্রিকেন্টস, বেক্সিকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স ও আফতাব অটো। ঢাকার বাজারে গতকাল ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিন শেষে সোমবার ডিএসইতে প্রায় ৯১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫৮ কোটি টাকা বেশি। লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৮৮ পয়েন্ট।সিএসইর সার্বিক মূল্যসূচক সোমবার বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২১ পয়েন্টে। এ দিন চট্টগ্রামের বাজারে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টির দাম কমেছে, বেড়েছে ৭১টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৭০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি।