সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের দরপতনের পর গতকাল বুধবার দেশের দুটি শেয়ারবাজারের মূল্যসূচক ব্যাপক হারে বেড়েছে। একই সঙ্গে উভয় বাজারে লেনদেনেরও বেশ উন্নতি হয়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে প্রায় ১৬২ পয়েন্ট বা ৩ দশমিক ৭৬ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ৪৭০ পয়েন্ট বা ৩ দশমিক ৬৩ শতাংশ। ডিএসইতে এ দিন লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রামের বাজারে লেনদেন ৭০ কোটি টাকার ওপরে উঠেছে। দুই বাজার মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় পৌনে ৮০০ কোটি টাকা। বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে থেকেই বাজারে লেনদেনের ক্ষেত্রে কিছুটা গতি সঞ্চার হয়েছে। ঈদের পর গত কয়েক দিনের লেনদেনেও সেই ধারাবাহিকতা রয়েছে। লেনদেন ক্রমাগত বাড়ার ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ছে। যেসব বিনিয়োগকারী বাজার থেকে দৃষ্টি ফিরিয়ে রেখেছিলেন, তাঁদের অনেকেই আবার নতুন করে বিনিয়োগে এগিয়ে আসছেন, যার ইতিবাচক প্রভাব আমরা বাজারে দেখছি।’ মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘গত কয়েক দিনে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম একটি ভালো অবস্থায় গেছে। এসব কোম্পানির শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছিলেন, দাম কমে যাওয়ার কারণে তাঁরা ওই সব শেয়ার বিক্রি করতে পারছিলেন না। ফলে তাঁদের বিনিয়োগের টাকাটা আটকে ছিল। দাম বাড়ার ফলে তাঁদের সামনে এখন ওই সব শেয়ার বিক্রি করে অন্য শেয়ারে টাকা স্থানান্তরের একটা সুযোগ তৈরি হয়েছে। এতে বাজারে সক্রিয় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।’ বিএমবিএর এই নেতা জানান, ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে একটু একটু করে সক্রিয় হচ্ছেন। কারণ ব্যাংকিং খাতের তারল্য সরবরাহ-পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে আসতে শুরু করেছে, যা বাজারের জন্য খুবই ইতিবাচক। ঢাকার বাজারে গতকাল ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯০ শতাংশ বা ২৪৫টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক চার হাজার ৪৫৩ পয়েন্টে উন্নীত হয়েছে। দুই মাসের ব্যবধানে এটি ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২৮ জুন ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৫৭৩ পয়েন্ট ছিল। এ দিন ডিএসইতে প্রায় ৭০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১২৩ কোটি টাকা বেশি। শুধু তা-ই নয়, প্রায় চার মাসের ব্যবধানে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ২৫ এপ্রিল ডিএসইতে সর্বোচ্চ ৭৫৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রামের বাজারে এ দিন ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৯১ শতাংশ বা ১৭৮টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৭ পয়েন্ট। চট্টগ্রামের বাজারে এ দিন প্রায় ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।