সূচক ও লেনদেন দুইই কমেছে
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ সোমবারও লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। এর ফলে সূচকের পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯.২৩ পয়েন্ট কমে ৪০০৮.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটে এক পয়েন্ট কমলেও পরের ১০ মিনিটে আবার এক পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টায় সূচক ১৮ পয়েন্ট কমেছিল আর ১২টা ৫০ মিনিটে বেড়েছিল আট পয়েন্ট। এভাবেই ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টিরই দাম কমেছে। বেড়েছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, আরএন স্পিনিং, যমুনা অয়েল, তিতাস গ্যাস, পূবালী ব্যাংক ও সায়হাম কটন।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টিরই দাম কমেছে। বেড়েছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম।