সূচক ও লেনদেন নিম্নমুখী
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দেখা যায়, দুই বাজারেই অধিকাংশ শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ৭১ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৪১২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪০৭৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২০০টির দাম কমেছে; বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইর মতো সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৪০ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির দাম কমেছে; বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, তাল্লু স্পিনিং, আরএন স্পিনিং, রেনাটা, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যাকটিভ ফাইন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি প্রভৃতি।