সূচক ও লেনদেন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও দিন শেষে সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৫,৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ সকাল ১১টায় ডিএসইর ২১৭টি ব্রোকারেজ হাউসের সব কটিই ডিএসই ট্রেড সার্ভারে লগ ইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়েছে বলে জানান ডিএসই প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান। তবে গতকালের চেয়ে আজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি বেশি।এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটে সূচক বাড়ে ৪০ পয়েন্ট। এরপর থেকে ওঠানামা শুরু হয়। দুপুর ১২টায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ৬৩ পয়েন্ট ছিল। পরে একটু কমে একটার দিকে সূচক বাড়ার হার ছিল ২৫ পয়েন্ট।আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০৫টির দাম, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৯১১ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এমআই সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফিন্যান্স এবং আফতাব অটোমোবাইলস।