সূচক ও লেনদেন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েকদিনের দরপতনের পর আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সারা দিন সূচকের তির ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচকে যোগ হলো ৫২ পয়েন্ট। একই সঙ্গে, বেড়েছে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট বাড়ে। ২৫ মিনিটে বাড়ে ৪৫ পয়েন্ট। একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ৪১ পয়েন্ট। বেলা ১২টা ২৫ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ৮৪ পয়েন্ট ছিল। এরপর সূচক বাড়ার হার একটু কমে গেলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৩টিরই দাম বাড়ে। কমে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৩৯ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., গ্রামীণফোন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, সায়হাম কটন মিলস, ইউনাইটেড এয়ারওয়েজ, স্কয়ার ফার্মা, এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।