সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৫,০২২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনাকে আজ দুপুর সোয়া ১২টার দিকে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এর ফলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং ফটকাবাজি অনেক কমে যাবে। ডিএসই ও সিএসইর সভাপতিরা এ রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। রায় ঘোষণার পরপরই দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সূচক বেড়ে যায় ১৮৫ পয়েন্ট। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ইতিবাচক প্রভাবের পেছনে আজকের এ রায় ভূমিকা রাখতে পারে।এদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে যায়। একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ২৯ পয়েন্ট। দুপুর সোয়া ১২টা থেকে ১২টা ২৫ মিনিটের দিকে সূচক অনেক বেড়ে যায়। তবে সাড়ে ১২টার পর থেকে সূচক বাড়ার হার কমে যেতে থাকে। বেলা একটায় সূচক বাড়ে ১৩৬ পয়েন্ট। এভাবে সময়ের সঙ্গে সূচক বাড়ার হার কমে যেতে থাকে। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৭৮টির দাম, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত আছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, যমুনা অয়েল, আফতাব অটোমোবাইলস, স্কয়ার ফার্মা, এবং এমআই সিমেন্ট।