সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সাধারণ মূল্যসূচক ৩০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। লেনদেনের শুরুতে সবগুলো সূচক সামান্য কমলেও কিছুক্ষণের মধ্যে ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০১০ পয়েন্টে।আজ ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে ৩১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২১ কোটি টাকা বেশি। অন্যদিকে, সিএসইতে আজ ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে; কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সানলাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, সায়হাম কটন, পূবালী ব্যাংক, এনবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন ও মেঘনা পেট্রোলিয়াম।