সূচক ও লেনদেন বেড়েছে
সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের আজ বুধবারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। টানা পাঁচ দিন পতনের পর গতকাল সূচক সামান্য বেড়েছিল দুই স্টক এক্সচেঞ্জে। এরই ধারাবাহিকতা আজও অব্যাহত ছিল।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৩,৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৪টির দাম বেড়েছে; কমেছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গোল্ডেন হারভেস্ট, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, বিএসসিসিএল, প্রিমিয়ার সিমেন্ট, আরগন ডেনিমস, গ্লোবাল হেভি কেমিক্যাল ও উত্তরা ফিন্যান্স।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ২২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১,৯৬৯ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৯টির দাম বেড়েছে; কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।