সূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারে
বছরের প্রথম দুই দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বৃহস্পতিবার তৃতীয় কর্ম দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১.৮০ পয়েন্ট বেড়ে ৪১৬০.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১২ পয়েন্ট কমে যায়। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক। সূচক বাড়ার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে। কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, গ্রমীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, পপুলা লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার ও সিএমসি কামাল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬২.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৩৩.৯৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টিরই দাম বেড়েছে। কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।