সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে; কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫১ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, পূবালী ব্যাংক, ইউনিক হোটেল, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, সোশাল ইসলামী ব্যাংক, এসিআই ফরমুলেশন ও আরএন স্পিনিং।দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬২৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৪টির দাম বেড়েছে; কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৬ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।