সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকের বড় ধরনের উত্থান দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন আরেকটি সপ্তাহ শুরু হলো। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার বাজারের সব কটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।গতকাল রোববার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ। মূল্যসূচকের উত্থানের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও বেড়েছে।মূল্যসূচকের নিম্নগতি দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল। প্রথম পাঁচ মিনিটের মধ্যে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেহেতু অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দাম অনেক নিচে নেমে গিয়েছিল, তাই বাজার যখন বাড়ে তখন অধিকাংশ শেয়ারেরই দাম বাড়ে। যদিও একসঙ্গে ভালো-মন্দ সব শেয়ারের দাম বাড়ার বিষয়টিকে অনেকে অস্বাভাবিক বলছেন।যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টানা দরপতনে অনেক কোম্পানির শেয়ারের দাম বেশ নিচে নেমে গিয়েছিল। এতে অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু টানা দরপতন চলতে থাকায় তাঁরা হয়তো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তাই বাজার ঊর্ধ্বমুখী হলেই নতুন করে অপেক্ষমাণ বিনিয়োগকারীরা বিনিয়োগে এগিয়ে আসছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে।’ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ২১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২২৬ পয়েন্টে। গত বৃহস্পতিবারই এই সূচক বেড়ে চার হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছিল।দিন শেষে ঢাকার বাজারে প্রায় ২৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা বেশি। ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। লেনদেনের দিক থেকে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল ব্যাংক। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৫৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৬ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি।তদন্ত কমিটি গঠন: ডিএসইর সদস্য রয়্যাল ক্যাপিটাল লিমিটেড নামের একটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি গঠনের এই খবর ডিএসইর ওয়েবসাইটে প্রচার করা হয়।কমিটির সদস্যরা হলেন: এসইসির উপপরিচালক মোহাম্মদ হোসেন খান ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।