সূচক ও লেনদেন বেড়েছে
তিন দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৯০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে; কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৭৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সোমবারের চেয়ে ২৭৫ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে ৫১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, আফতাব অটো, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গ্রামীণ ফোন, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টিরই দাম বেড়েছে; কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।সিএসইতে আজ ১৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি টাকা বেশি। সোমবার সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন হয়।