সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামা চললেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৪.৯৩ পয়েন্ট বেড়ে ৪৫৮৯.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫২ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১০টা ৫৫ মিনিটে ১৯ পয়েন্ট বেড়েছিল। আর ১১টা পাঁচ মিনিটে সূচক ৩২ পয়েন্ট কমেছিল। এভাবে শুরুতে কয়েকবার ওঠানামা করে সূচক। বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টিরই দাম বেড়েছে। কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, বিএসসিসিএল, তিতাস গ্যাস, ইউসিবিএল, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, বিকন ফার্মা, ইউনিক হোটেল ও বেক্সিমকো প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৪.১১ পয়েন্ট বেড়ে ১৪০১২.৭২ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে আজ মোট ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।