সূচক ও লেনদেন বেড়েছে
সূচক ও লেনদেনের বাড়তি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪০৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক দিনের সর্বোচ্চ ৬৬ পয়েন্ট বেড়ে যায়। এর পর সূচক বাড়ার হার ধীরে ধীরে কমতে থাকে। তবে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক। আজ ডিএসইতে মোট ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টিরই দাম কমেছে। বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, ইউসিবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, পূবালী ব্যাংক, এনবিএল, সিটি ব্যাংক, বিএসসিসিএল ও এক্সিম ব্যাংক।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪০৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টিরই দাম কমেছে। বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।