সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৭টিরই দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮৫ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, মার্কেন্টাইল ব্যাংক, উসমানিয়া গ্লাস, বিএসসি, ডেল্টা স্পিনার্স, ফ্যামিলিটেক্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়েছে ২১৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।