সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি
সূচক ও লেনদেন বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজার। আজ বুধবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে দুই বাজারেই লেনদেন বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল মঙ্গলবারের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৪১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতি প্রবণতায় লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২১২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গত মঙ্গলবারের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, সামিট পাওয়ার, আরএন স্পিনিং ও এনবিএল।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭১০ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৮টির দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।