সূচক ও লেনদেনে চাঙাভাব
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার চাঙাভাবের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক ৯৫ পয়েন্ট বেড়েছিল, আর দুপুর সাড়ে ১২টায় বেড়েছিল ৬৩ পয়েন্ট। তবে শেষ দিকে সূচক বাড়ার প্রবণতা কিছুটা কমে যায়। আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম বেড়েছে; কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ এক হাজার ১৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, বিএসসিসিএল, ইউসিবিএল, যমুনা অয়েল, সিএমসি কামাল, কেয়া কসমেটিকস, এক্সিম ব্যাংক, এনবিএল প্রভৃতি।