সূচক ও লেনদেনে চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আড়াই শতাংশের মত বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক বেড়েছে দুই শতাংশের বেশি। একই সঙ্গে দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকি ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো বাজারে বড় ধরনের প্রভাব ফেলে থাকে। আজ এসব খাতের কোম্পানিগুলোর দাম বাড়ায় প্রাধান্য ছিল। যা সূচক বৃদ্ধিতে বড় প্রভাব ফেলে। ডিএসইতে তালিকা ভুক্ত ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে সবকটির দাম বাড়ে। একই সঙ্গে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২২টির মধ্যে ২০টির, বিমা খাতের ৪৫টির মধ্যে ৪০টির এবং মিউচুয়াল ফান্ড খাতের ৪১টির মধ্যে ৪০টিরই দাম বাড়ে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৫৫ শতাংশ বা ১১৭ পয়েন্ট বেড়ে ৪৭০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক গতকালের চেয়ে ১২৫ পয়েন্ট বেড়েছিল। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত রয়েছে।আজ ডিএসইতে মোট ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম বেড়েছে। কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৯৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৬ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, বিএসসিসিএল, ইউসিবিএল, আরএন স্পিনিং, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা ও যমুনা অয়েল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২.১৫ শতাংশ বা ৩০১.৮৫ পয়েন্ট বেড়ে ১৪৩০৬.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে। কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।